বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আটাপাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন বলেন, “রাশেদ আমাদের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ওসি ইব্রাহীম আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানের জেরে সন্দেহবশত হামলার ঘটনা ঘটতে পারে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
