বগুড়ায় ১২ বছরের শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশের কনস্টেবল বরখাস্ত
বগুড়া জেলা পুলিশে কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে তার ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।
অপহৃত কিশোরীর বড় বোন ও অভিযুক্ত কনস্টেবল সুমন রেজার স্ত্রী লাবণ্য আক্তার বাদী হয়ে শুক্রবার (১২ জুন) বগুড়ার শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।
রোববার (১৪ জুন) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেল ৩টার দিকে ওই কিশোরী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন ৮ জুন পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলে করে তাকে নিয়ে যান। এরপর থেকে অভিযুক্ত কনস্টেবল ও কিশোরী—দুজনই নিখোঁজ রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, “কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে গ্রেফতার এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
