মোকামতলাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, ইউনিয়ন পুনর্গঠনের পরিকল্পনা
বগুড়ার মোকামতলাকে উপজেলা ঘোষণার পর এবার পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান তিনটি ইউনিয়ন পুনর্গঠন করে ছয়টি ইউনিয়ন গঠনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুন) রাতে নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোকামতলা বন্দরকে কেন্দ্র করে এলাকাবাসী পৌরসভা গঠনের দাবি জানিয়ে আসছিলেন। বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি, জনবসতির সম্প্রসারণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রেক্ষাপটে এই দাবি আরও জোরালো হয়।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে থাকা তিনটি ইউনিয়ন—ময়দানহাটা, দেউলী ও সৈয়দপুর—পুনর্গঠন করে নতুন আরও তিনটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। এতে মোট ছয়টি ইউনিয়ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, এতে প্রশাসনিক সেবা আরও সহজ হবে এবং সাধারণ মানুষ দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
মোকামতলাকে পৌরসভা করার সম্ভাব্য ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ছিলাম। এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। উপজেলা ঘোষণার পর পৌরসভা হলে এই এলাকা ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।”
এদিকে পৌরসভা ঘোষণার খবরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন, পৌরসভা বাস্তবায়িত হলে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পৌরসভা ও ইউনিয়ন পুনর্গঠনের বিষয়টি সরকারি গেজেট প্রকাশ এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্তভাবে কার্যকর হবে।
