প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ ০১:০৪

বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

ঘটনার সময় বাবা মেয়েকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত পালিয়ে যায়, গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশুকন্যা (১১) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটির বাবা বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সময় অভিযুক্ত মো. পিন্টু (আতোয়ার সাখিদারের ছেলে) শিশুদের বাড়িতে টোপা তৈরির কাজ করছিলেন।

এ সময় শিশুটি বাড়িতে আসলে পিন্টু তাকে কৌশলে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যান। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান এবং শিশুটিকে বিবস্ত্র করেন। ঠিক সেই মুহূর্তে শিশুটির বাবা পানি খেতে বাড়িতে আসলে মেয়ের চিৎকার শুনে ঘরে প্রবেশ করেন এবং তাদের বিবস্ত্র অবস্থায় দেখতে পান। বাবা মেয়েকে উদ্ধার করতে এগিয়ে গেলে অভিযুক্ত পিন্টু দৌড়ে পালিয়ে যান।

ঘটনার পর থেকে পিন্টু এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রামের মাতব্বর মুকুল সাখিদার, মো. মজনু এবং গোলাম মোস্তফা তাঁর উপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন। পরে বুধবার দুপুরে তিনি আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

শিশুটিকে বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

উপরে