প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০১:৩৫

বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বগুড়ার জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিতে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বলেও তিনি জানান।

জেলা প্রশাসক বলেন, চিঠি পাওয়ার পর তা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়নের নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয় বিবেচনায় নিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করতে হবে।

সম্প্রতি ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় এবং জাতীয় সংসদেও আলোচনা হয়।

এদিকে স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম নিয়েও কিছু মহলে বিতর্ক রয়েছে। তবে আপাতত ওই ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সচিব আতিকুর রহমান আতিক বলেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী নিজের নামে কোনো প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের পক্ষে নন।

উল্লেখ্য, গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। ওই পুনর্গঠনের আওতায় শিবগঞ্জে মীরবাড়ী এবং মোকামতলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

উপরে