প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০১:৪৫

অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক কারাগারে, রোববার শুনানি

নিজস্ব প্রতিবেদক
অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক কারাগারে, রোববার শুনানি
‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। ছবি- ভিডিও ফুটেজ থেকে নেওয়া।

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু তথ্যের অভিযোগে গত ১৫ জুন মামলা দায়ের করা হয়। মামলার বাদী বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।

মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট প্রচার এবং ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।

আদালতের নির্দেশে বগুড়া সদর থানা মামলাটি সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার শফিক শাহীন দাবি করেন, রেজানুর ইসলাম সংবাদ প্রকাশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। তিনি বলেন, রোববার আদালতে যথাযথভাবে জামিনের আবেদন করা হবে এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

উপরে