প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:২৮

কোল্ড স্টোরেজ ভাড়া ৩০০ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় আলু চাষী-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
কোল্ড স্টোরেজ ভাড়া ৩০০ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় আলু চাষী-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট এবং আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। শনিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ ভাড়া প্রতি বস্তা (৬৫ কেজি) সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা আলু চাষী ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাকিম মান্নান ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজে প্রতি বস্তা আলু সংরক্ষণে প্রকৃত ব্যয় ২২০ থেকে ২৩0 টাকার মধ্যে হলেও বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত ভাড়া ৪৩৮ টাকা ৭৫ পয়সা। এ ভাড়া কৃষকদের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর। অতিরিক্ত ভাড়ার কারণে আলু চাষ অলাভজনক হয়ে পড়ছে এবং কৃষকরা চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সারা দেশে ৬৫ কেজি আলুর প্রতি বস্তার কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ, কোল্ড স্টোরেজ পরিচালনার প্রকৃত ব্যয় নিরূপণে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যৌক্তিক ভাড়া কাঠামো প্রণয়ন, মালিকদের সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে আগামী ২৫ জুনের মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২৫ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে কৃষকদের স্বার্থে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, আলু চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপরে