প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ১২:৪৩
তিনগুণ বেতন ভাতা বৃদ্ধি, বিভাগীয় স্বীকৃতির দাবিতে বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের মিছিল
খবর বিজ্ঞপ্তিঃ
তিনগুণ বেতন ভাতা বৃদ্ধি, বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি এবং ডাক কর্মচারী ঐক্য পরিষদ বগুড়ায় মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী শেখ, হারুনার রশিদ, বগুড়া জেলা কমিটির সভাপতি তফিজুর রহমান তারা, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডাক ঘরের কর্মরত ২৩ হাজার কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশে এর চেয়ে বৈষম্যের শিকার আর কোন বিভাগ নাই। যেখানে একজন কর্মচারী দৈনিক আয় ১৩৩ থেকে ১৪৮ টাকা। গত ২০১৮ সালের পর ৮ বছরেও কোন ভাতা বৃদ্ধি হয়নি। এমন প্রেক্ষাপটে বিভাগীয় ইডি কর্মচারীগণের পক্ষ থেকে বারংবার স্মারকলিপি, আলোচনা সভা, মানববন্ধন, সংবাদ সম্মেলন করা হলেও অদ্যাবধি পর্যন্ত কোন সুফল মেলেনি। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন বিভাগের সংস্কার করা হলেও অবিভাগীয় ইডি কর্মচারী গণের ভাগ্য পরিবর্তন হয়নি। দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগামী ৬ জুলাই পূর্ণ কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়।
