প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ ১০:৩০
নন্দীগ্রামে মধ্যরাতে কৃষকের ৫ খড়ের পালায় আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈডালা গ্রামে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মোঃ মিজানুর রহমান মিনহাজের পাঁচটি খড়ের পালা পুড়ে গেছে। এতে তার আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ টের পেয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে দেখেন, বাড়ির পাশে রাখা পাঁচটি খড়ের পালায় দাউদাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি খড়ের পালার অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। কৃষক মোঃ মিজানুর রহমান মিনহাজ জানান, এসব খড় গবাদিপশুর খাদ্য এবং কৃষিকাজের প্রয়োজনের জন্য সংরক্ষণ করা হয়েছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
