বগুড়ায় এইচএসসি ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামে এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন শাওন মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিয়ে কলেজের ছয়জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন সাব্বির। কিন্তু পরে শিক্ষার্থীরা কলেজে প্রবেশপত্র নিতে গেলে জানতে পারেন, তাদের কারও ফরমই পূরণ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে তারা প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ঘটনাটি প্রকাশ্যে এলে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে ওই ছয় শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারলেও তারা পরবর্তীতে প্রবেশপত্র পেয়ে শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ শুরু করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে জেলা পুলিশের নির্দেশনায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করে তা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
