বগুড়ায় ফুটপাত দখলমুক্তে তৃতীয় দিনের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
বগুড়া শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান অব্যাহত রেখেছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন। তৃতীয় দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথা, থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।
অভিযানকালে ফতেহ আলী বাজার এলাকার প্রিয়াঙ্কা দই ঘর-এ পচা ও বাসি রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফতেহ আলী ফুড গার্ডেন-এ বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করায় ৫ হাজার টাকা এবং হোটেলপট্টির কাফেলা হোটেল-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ও বাসি-পচা খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ ও মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা কাঁচা ফল ও সবজি তালিকা করে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। এছাড়া অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, ফুটপাত পুনর্দখল রোধ এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শেষে তাদের ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও তারা নিয়মিত নজরদারি করবেন।
