প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ ০১:০৩

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে গিয়ে তারা একটি নারীর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, “যমুনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মৃত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

উপরে