প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ ০১:২২

বগুড়ায় প্রতিদিন গড়ে ৭টি মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের সম্পদ বাজেয়াপ্তের তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রতিদিন গড়ে ৭টি মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের সম্পদ বাজেয়াপ্তের তদন্ত চলছে

রাজশাহী বিভাগে আটক মাদক কারবারিদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বগুড়াতেও এ-সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান।

সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে জেলার ১৭টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্যোগে পানির ফিল্টার প্রদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিললুর রহমান বলেন, “মাদক নিয়ন্ত্রণে সংশোধিত আইন আরও কঠোর করা হচ্ছে। বর্তমানে বগুড়া জেলায় প্রতিদিন গড়ে সাতটি করে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগে একটি করে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে বগুড়ায় শিগগিরই একটি সেমিনারের আয়োজন করা হবে।”

বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তারা দেশে ১১ থেকে ১৩ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আলোচনায় অংশ নিয়ে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি আশরাফুল হক তুহিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম, সাংবাদিক মোহন আকন্দ, বিএফইউজের কেন্দ্রীয় নেতা মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু এবং সাংবাদিক মামুনুর রশিদ ৫ আগস্টের পর দেশে প্রবেশ করা মাদকের মূল কারবারিদের আইনের আওতায় আনা, স্থানীয় মাদক প্রতিরোধ কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে অন্তত একজন পথশিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, “দেশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করানো হচ্ছে। তাই সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে