‘পরিবর্তন এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে’- নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মাদকের আসর চলছে। ব্যবসায়ীরা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হলেও ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। ভয় পাওয়ার একমাত্র সত্তা মহান আল্লাহ্।’
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সীমান্তে হত্যা, পুশইন ও দুর্নীতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে না দেওয়াটা অত্যন্ত দুঃখজনক। জনগণের স্বার্থরক্ষায় এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পেশিশক্তি, অস্ত্র ও ভয়ভীতির রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিতার বাংলাদেশ। সেখানে কোনো নির্যাতিত মানুষ থাকবে না, কেউ না খেয়ে থাকবে না এবং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।’
সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারই শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য যুগ্ম সংগঠক সাকিব মাহাদী এবং বগুড়া জেলা শাখার আহ্বায়ক এমএসএ মাহমুদ।
