প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০০:২৮

ধুনটে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আটক, আদালতের মাধ্যমে কারাগারে

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
ধুনটে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আটক, আদালতের মাধ্যমে কারাগারে

বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার উল্লাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

বুধবার তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আতিকুল ইসলাম উপজেলার উল্লাপাড়া গ্রামের দেলবর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কের ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি যৌথ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আতিকুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 
 
 
উপরে