বগুড়ায় নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই শহীদ’ দিবস
বগুড়ায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ’ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, এনসিপির জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের অবদানের কারণেই দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। শহীদদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান তারা।
পরে দুপুরে মহানগরীর শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা এবং তাঁদের স্বজনরা উপস্থিত ছিলেন।
