আদমদীঘিতে সার বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা
বগুড়ার আদমদীঘি উপজেলায় ক্যাশ মেমো ছাড়া সার পরিবহন ও গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজ নামে এক সার বিক্রেতা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সে ডিএপি ও এমওপি সার পরিবহন করছিল। পথে তালশন কালীবাড়ি এলাকায় সার পরিবহনের গাড়িটি আটক করা হয়।
এ সময় সার পরিবহনের ক্যাশ মেমো দেখাতে না পারা এবং গুদামে মজুদের সঠিক হিসাব না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও থানার উপপরিদর্শক (এসআই) সোহাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
