ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল লতিফ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে ধুনট থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়। এর আগে শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং পূর্বগুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
