ধুনটে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহনন
বগুড়ার ধুনটে নিজ ঘরের বারান্দার তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও মাঝে মাঝে তিনি স্বজনদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। সম্প্রতি তাঁর মানসিক সমস্যার অবনতি হলে কয়েক দফা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনেন।
শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটান নজরুল ইসলাম। রাতে একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান তিনি। শনিবার ভোরে তাঁর স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকার উদ্দেশ্যে তাঁকে ডাকতে গিয়ে বারান্দার তীরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে নিচে নামান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
