জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ ও জুলাই যোদ্ধারা।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য মো. ফেরদৌসুর রহমান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে শহরের সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
