প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ০০:০৯

বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বুলেটপ্রুফ ভেস্ট পরে ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় আসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সাগরকে (৩৭) বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাজেদুল ইসলাম সাগর নান্দিয়ারপাড়া গ্রামের চান মিয়া সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ জানতে পারে, নিমগাছি ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম সাগরকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, সাজেদুল ইসলাম সাগর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর ধুনট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সোনাহাটা এলাকায় দায়িত্ব পালনকালে বিট পুলিশিং কার্যালয়ে নিজের বুলেটপ্রুফ ভেস্ট খুলে রাখেন। এ সময় সাজেদুল ইসলাম ওই ভেস্ট পরে ছবি তুলে নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপরে