বগুড়ায় শ্রমিকের হাটে বাসচাপায় ৭ দিনমজুর নিহত, মহাসড়ক অবরোধ
বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর যাত্রীবাহী বাস উঠে গেলে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুররা প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া বাজারের শ্রমিকের হাটে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। বাসটি ব্রেক করার পর ঘুরে বিপরীতমুখী হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন বগুড়া সদর উপজেলার ফাপড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমিরুল এবং নূর আলম। অন্য নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই কাজের সন্ধানে শ্রমিকের হাটে এসেছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ক্ষুব্ধ দিনমজুর ও স্থানীয় বাসিন্দারা ঢাকা-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি, এরুলিয়া এলাকায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী গতিরোধকসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
