প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৫৭

বাউবির উদ্যোগে বগুড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

খবর বিজ্ঞপ্তিঃ
বাউবির উদ্যোগে বগুড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বগুড়া আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী বাউবির বগুড়া আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ জনকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ০১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। জনবল সংকট মোকাবিলায় এক লাখ স্বাস্থ্যকর্মী ও পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ এবং সারাদেশে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগসহ অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয় কমাতে স্টেন্ট, চোখের লেন্স এবং ডায়ালাইসিস-সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে স্টেন্টের মূল্য কমায় হৃদরোগের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বগুড়া আঞ্চলিক কেন্দ্রকে ধন্যবাদ জানান।

বাউবি বগুড়া আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আনিছুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক।

সভাপতির বক্তব্যে মো. আনিছুল করিম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের পিছিয়ে পড়া, ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়ে নিরক্ষরতা ও দারিদ্র্য দূর করাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তিনি সফলভাবে কর্মসূচি আয়োজনের জন্য অতিথি ও অংশগ্রহণকারী চিকিৎসকদের ধন্যবাদ জানান।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীরক্তস্পন্দন-এর সহযোগিতায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

উপরে