প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ ২৩:৩২

জিপিএ-৫ প্রাপ্তিতে সবার ওপরে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
জিপিএ-৫ প্রাপ্তিতে সবার ওপরে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়া শহরের শীর্ষ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে এবার বগুড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২১৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৪ দশমিক ৪০ শতাংশ।

পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে শহরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির শতভাগ পাসের সাফল্য এবারও অক্ষুণ্ন রয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন, যা ৭৮ দশমিক ৬৭ শতাংশ।

বগুড়া জিলা স্কুল থেকেও ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২২২ জন উত্তীর্ণ হয়েছে। একজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের সাফল্য থেকে অল্পের জন্য পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন শিক্ষার্থী, যা ৭৮ দশমিক ১২ শতাংশ।

শহরের অন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল থেকেও শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন, যা ৭৭ দশমিক ৩১ শতাংশ।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪১৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন, যা ৭৭ দশমিক ৩৩ শতাংশ।

প্রধান শিক্ষকের সন্তুষ্টি

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, ‘শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাহস দিয়েছি। তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে। তাদের ফলাফলে আমি খুশি। আমি আশা করব, তারা আগামীতে আরও ভালো করবে।’

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫

বগুড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ফলাফল ভালো হলেও রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে এবার অবনতি হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই উল্লেখযোগ্য পতন ঘটেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ২১৪ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, সার্বিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি।

উপরে