প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ ২৩:৪৪

মিষ্টিতে পোকা, পোড়া তেলে রান্না—বগুড়ার শেরপুরে দুই কারখানায় অভিযান

শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
মিষ্টিতে পোকা, পোড়া তেলে রান্না—বগুড়ার শেরপুরে দুই কারখানায় অভিযান

 বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরির অপরাধে দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঘোষপাড়া এলাকার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার নামের দুটি দই-মিষ্টির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানকালে কারখানা দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করতে দেখা যায়। তৈরি করা দই ও মিষ্টি খোলা অবস্থায় রাখা ছিল। এ ছাড়া সংরক্ষিত মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখা যায়। কারখানায় পোড়া তেল দিয়ে খাবার তৈরি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানারও প্রমাণ পান কর্মকর্তারা।

পরে অপরাধ স্বীকার করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারি আইন ও বিধিমালা মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে