বগুড়ায় হোটেলে পচা খাবার, পোড়া তেলে রান্না: জরিমানা ১০ হাজার
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শহরের মফিজ পাগলার মোড় এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই ভাজার প্রমাণ পাওয়া যায়। প্রস্তুত করা খাবারও খোলা অবস্থায় রাখা ছিল।
এ ছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি এবং ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়।
পরে অপরাধ স্বীকার করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবিনা ইয়াসমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারি আইন ও বিধি মেনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
