বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাস খাদে, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর, আহত ১০
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে কানিজ ফাতেমা ছোঁয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা ছোঁয়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন জানান, বিকেলে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। পল্লীমঙ্গল ইটভাটার কাছে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা নিহত হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলের পাশের ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কটি সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
