বগুড়ায় মাঠ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি
মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি ও চাকরিতে বৈষম্যহীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বগুড়ায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। একই দাবিতে দেশের ৮ বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা, দুর্যোগ মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার কার্যক্রমে সহযোগিতা, রাজস্ব আদায়, প্রটোকল, নাগরিক সেবা এবং সরকারের বিভিন্ন তাৎক্ষণিক নির্দেশনা বাস্তবায়নে তাঁদের ভূমিকা রয়েছে।
তবে দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্মকর্তাদের পদটি একই পর্যায়ে থাকায় তাঁদের পদোন্নতির সুযোগ নেই বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে মাঠ প্রশাসনের প্রায় ৮৩০ জন প্রশাসনিক কর্মকর্তা দীর্ঘ চাকরিজীবনেও কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের অনেকে ২০ থেকে ২৫ বছর একই পদে চাকরি করে অবসরে যাচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির দাবি, প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে ৯ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের পদ সৃষ্টি করা প্রয়োজন। বিশেষ করে ৯ম গ্রেডে সেকশন অফিসার এবং ৭ম/৮ম গ্রেডে সিনিয়র সেকশন অফিসারের পদসোপান তৈরির দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ২৩ ও ২৪ জুন মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের কর্মজীবন পরিকল্পনা বা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কর্মশালার আয়োজন করে। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির জন্য সেকশন অফিসার ও সিনিয়র সেকশন অফিসারের পদসোপান তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি মনে করে, পদোন্নতির সুযোগ তৈরি হলে কর্মকর্তাদের কর্মস্পৃহা ও দক্ষতা বাড়বে। পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধির সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, যা মাঠ প্রশাসনের কাজের মান ও গতিশীলতা বাড়াতে সহায়ক হবে।
স্মারকলিপিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মজীবন পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত এবং জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মাঠ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দ্রুত পদোন্নতির সোপান তৈরির দাবি জানানো হয়েছে।
