১২০০ ই য়া বা সহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম (৩৬) নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ৯টার দিকে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসান। এ সময় নম্বরবিহীন একটি যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশাটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম।
সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, রবিউল ইসলাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। তাকে বহিষ্কারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
