বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া, বর্তমান সরকারের জন্য বড় চাপ: মীর শাহে আলম
বিদ্যুৎ উৎপাদনে আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ বর্তমান সরকারের জন্য বড় চাপ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এই চাপের মধ্যেও বকেয়া পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আগের সময়ে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হয়েছিল। কিন্তু সেই বিদ্যুতের মূল্য যথাসময়ে পরিশোধ করা হয়নি। অর্থ ও বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, প্রায় ৬০ হাজার কোটি টাকা বকেয়া রেখে আগের সরকার ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করেছে। ফলে এই বকেয়া পরিশোধের বড় দায় বর্তমান সরকারের ওপর পড়েছে।
তিনি বলেন, জনগণের সরকার হিসেবে আমরা বকেয়া পরিশোধের চেষ্টা করছি। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বর্জ্য ও পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের ভবন থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, ডাকবাংলো, অডিটোরিয়াম ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এসব প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে যুক্ত ও সমন্বয় করা হবে।
মন্ত্রণালয়ের হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, দেশজুড়ে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে প্রায় ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
এর আগে শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাহফুজের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মাহফুজের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহন এবং তাকে কৃত্রিম পা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৩৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
