এরুলিয়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বগুড়ার এরুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর শাহ ফতেহ আলী পরিবহনের বাস তুলে দেওয়ার ঘটনায় সাতজন নিহতের মামলার প্রধান আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস উঠে যায়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৪ জন আহত হন। দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান।
এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। এরপর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব।
র্যাব-১২ জানায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। সেখান থেকে মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার নেছারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
