প্রেমের ইতি টেনে দুধ দিয়ে গোসল, ক্ষেতলালের যুবকের ‘নতুন জীবন’ ঘোষণা
প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে পুরোনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবক।
শুক্রবার বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারিকুল বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
তারিকুল ইসলাম বলেন, একসময় তিনি এক তরুণীকে ভালোবাসতেন। ওই সম্পর্ককে কেন্দ্র করে জীবনে নানা হতাশা ও কষ্ট নেমে আসে। এমনকি পারিবারিক অশান্তিও তৈরি হয়। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’
তারিকুল আরও বলেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। পুরোনো সম্পর্কের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।
এদিকে তারিকুলের ব্যতিক্রমী উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায়ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে ব্যতিক্রমীভাবে ব্রেকআপের ঘোষণা হিসেবে দেখছেন।
এ বিষয়ে তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াসউদ্দিন বলেন, ‘দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্ত প্রকাশ্যে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। আজকালকার যুবসমাজ কখন কী করে, বোঝা কঠিন। ছেলেটি যে কাজ করেছেন, এ এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’
