বগুড়ায় মাইকে বিএনপির নাম উচ্চারণ, যুবলীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাইকে বিএনপির নাম বারবার উচ্চারণ করাকে কেন্দ্র করে আব্দুল হান্নান নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম পলাশ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নিশিন্দারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হান্নান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলছিল। এ সময় মাইকে বিএনপির নাম বারবার উচ্চারণ করায় ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম পলাশ ও তাঁর সহযোগীরা আব্দুল হান্নানের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আহত হান্নানকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
নিশিন্দারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মতো একটি সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে হামলার ঘটনা দুঃখজনক। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
