প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৪

চাঁদার দাবিতে হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
চাঁদার দাবিতে হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ার কৈপাড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক নিহত হৃদয়ের সন্তানকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা চালান আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা মামুনুর রশিদও আহত হন।

গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে নিহতের মা মোছা. আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির রায় ঘোষণা করা হলো।

উপরে