প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
এর আগে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিল প্রতিমন্ত্রীর গাড়িবহর। এ সময় ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও পায়ে আঘাত পান। প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল জানান, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, চালক ও তিনি নিজে ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালের অর্থোপেডিক্স ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজা মো. জাকির জানান, সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তার চাচি। বয়স্ক হওয়ায় রাস্তা পার হওয়ার সময় তিনি হয়তো মন্ত্রীর গাড়িবহর খেয়াল করতে পারেননি। তখনই গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে।
আরেক ভাতিজা মোহাম্মদ ইমরান আলী নয়ন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছে। প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
