বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের পর সিফাত আব্দুল্লাহ কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে সিফাতকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। এতে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে।
ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে।
