প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৫

বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় জারা কার হাউজের বিপরীতে এ ঘটনা ঘটে। মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘার একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মোকসেদ আলীকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার রাতে ছয়-সাতজনের একটি দল মাটিডালী এলাকায় এসে প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের লোকজন সরে গেলে মোকসেদকে একা পেয়ে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

মোকসেদের প্রতিবেশী মো. সাব্বির ইসলাম বলেন, মোকসেদ পঞ্চগড়ে স্বর্ণের কাজ করেন। মাঝে মাঝে এলাকায় এসে দু-একদিন থেকে আবার চলে যান। এলাকায় তার সঙ্গে কারও বিরোধ ছিল বলে তারা জানতেন না।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা জব্দ করেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মোরাদ বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ৭.৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো থানা থেকে লুণ্ঠিত কোনো অস্ত্রের গুলি নয়।

তিনি আরও বলেন, বাগানকেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরে হামলাটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় একজনই আহত হয়েছেন। তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উপরে