প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৯

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগারকে জরিমানা

বগুড়ায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগার নামে একটি কোল্ড স্টোরেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জয়পুরপাড়া-মাটিডালী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত, বস্তাপ্রতি ৪২০ টাকা, আদায়ের অভিযোগে কৃষিকল হিমাগারের ব্যবস্থাপক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, আলুর বাজার ও হিমাগার ভাড়া স্থিতিশীল রাখতে সরকার ও হিমাগার মালিক সমিতির যৌথ উদ্যোগে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর বগুড়ার অধিকাংশ হিমাগার নির্ধারিত হার অনুসরণ করলেও কিছু হিমাগারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। কৃষি বিপণন অধিদপ্তরের নিয়মিত তদারকিতে কৃষিকল হিমাগারের বিরুদ্ধে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, এর আগে সতর্ক করা সত্ত্বেও হিমাগারটি আলু সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করে আসছিল। অভিযানে এর সত্যতা পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হিমাগার কর্তৃপক্ষ ভবিষ্যতে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বগুড়ার সব হিমাগারে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের মনিটরিং জোরদার করা হবে। এরপরও কোনো হিমাগার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে অর্থদণ্ডের পাশাপাশি প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে।

উপরে