প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৮

তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কৃষকেরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের আপসন-সাদুরিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ‘ফসলি জমি রক্ষা আন্দোলন কমিটি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

স্থানীয় কৃষক মেহেদী হাসান বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার ১০০ বিঘার বেশি জমি অত্যন্ত উর্বর। এসব জমিতে সারা বছর ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন হয়। এই জমিতে সরকারি অবকাঠামো নির্মাণ করা হলে শত শত কৃষক পরিবার তাঁদের আয়ের প্রধান উৎস হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কৃষক মুনছুর রহমান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকেরা যে জমিতে ফসল ফলান, সেই উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা অন্যায়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা কৃষিজমি রক্ষায় সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে তিন ফসলি জমিতে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচি থেকে অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাব বাতিল করে বিকল্প কোনো অকৃষি জমিতে প্রকল্পটি স্থানান্তরের দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

উপরে