প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১০
বগুড়ায় বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তন্ময় ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার বিষয়টি দেখতে পায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া বেকারি পণ্যে উপকরণ হিসেবে শিল্পকারখানার লবণ ও স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ১০ কেজি শিল্পকারখানার লবণ ও স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
