প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৬

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক, অলাভজনক ও অসাম্প্রদায়িক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক প্রতিনিধিত্বশীল নাগরিক সভায় সংগঠনটির ঘোষণা দেওয়া হয়। ৬০টি সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীল দেশপ্রেমিকদের সম্মতিক্রমে বিশিষ্ট ধর্মীয় নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক করে ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি এমদাদুল হক আজাদ, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বাংলাদেশ কোনো একক ধর্ম, গোষ্ঠী বা মতের মানুষের নয়। এটি বিভিন্ন জাতিসত্তা, ধর্ম ও সংস্কৃতির দীর্ঘ সহাবস্থানের সমৃদ্ধ উত্তরাধিকার। দেশে সহিংসতা, উগ্রবাদ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ধর্মীয় উসকানির নামে মাজার, দরগাহ ও খানকায় হামলা, ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমাধ্যমে বাধা দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক। মানুষের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও মতের মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করেই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের বৈচিত্র্য, ন্যায়বিচার, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসাসের সাধারণ সম্পাদক নাজমুল হক, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, সাবেক সচিব কাসেম মাসুদ, পারভীন নাসের খান ভাসানী, ড. জমিরুল আকতার, বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র কুমার নাথ, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ, বাউল শিল্পী ফকির আবুল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপরে