বগুড়ায় ভাড়াটিয়া দখল করল বাড়ি, প্রতিকারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বগুড়ার গাবতলীতে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ীঘর দখল করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাবতলী প্রেসক্লাবে লিখিতভাবে সংবাদ সম্মেলনটি পাঠ করেন ভুক্তভোগী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের সোন্দাবাড়ী ফকিরপাড়া গ্রামের সোহেল মন্ডলের স্ত্রী মোছাঃ শিরিন আকতার। সংবাদ সম্মেলনে শিরিন আকতার বলেন, তার স্বামী সোহেল মন্ডল বিগত ২০০৮ সালে উল্লেখিত সোন্দাবাড়ী গ্রামের মৃত ছলিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫শতক জমি ক্রয় করেন। এরপর ২০১১সালে পাকা বাড়ীঘর নির্মাণ করে ভোগদখল শুরু করেন। কিন্তু বিগত আ.লীগ সন্ত্রাসীরা চাঁদার দাবীতে স্ব-পরিবারকে খুন জখমের হুমকি দিলে তারা ২০১৫সালে স্থানীয়দের বাড়ী ভাড়া দিয়ে স্ব-পরিবারে অন্যত্র চলে যান। বাড়ীর ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া দেয়ার এক পর্যায়ে ২০২৪ সালে বাড়ীর মালিক সোহেল মন্ডলকে ভাড়া দেয়া বন্ধ করে দেয়। এ বিষয়ে বাড়ীর বাড়াটিয়াদের সাথে দেখা করলে উক্ত বাড়ী তাদের নিজস্ব বলে দাবী করে সোহেল মন্ডলকে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় সোহেল মন্ডল বাদী হয়ে গত ৩০আগষ্টে সোন্দাবাড়ী গ্রামের বাড়ীর ভাড়াটিয়া জিন্না, আল আমিন ও রেজাউল ফকিরের নামে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এস আই ইয়াছিন আরাফাত বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আউনগত ব্যবস্থা নেয়া হবে।
