মামলা তুলে নিতে হুমকি, ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় জোরপূর্বক ঘর নির্মাণ করে বিরোধপূর্ণ জায়গা দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বাদশা মন্ডল (৬৪) নামে এক ব্যক্তি। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি।
অভিযুক্তরা হলেন—সোনাতলা উপজেলার হারিয়াকান্দি (মধ্যপাড়া) গ্রামের মো. খয়বরের ছেলে মো. শাজাহান (৩৫), মো. সাজু মন্ডল (২২), মো. হান্নান মন্ডল (৪০) এবং মৃত নছির মন্ডলের ছেলে মো. খয়বর মন্ডল (৬০)।
বাদশা মন্ডল সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি আদালতে মোকদ্দমা নং-২৫৭সি/২৬, ২৬৯সি/২০২৬ এবং বণ্টন সংক্রান্ত মোকদ্দমা নং-২৯/২২ দায়ের করেছেন। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে বিবাদীরা তাঁদের ওপর হামলা চালালে বাদশা মন্ডলের ছেলে শামীম ওসমান বাদী হয়ে সোনাতলা থানায় মামলা নং-০৫, জিআর নং-১১১ দায়ের করেন। এসব মামলা তুলে নেওয়ার জন্য বিবাদীরা দীর্ঘদিন ধরে বাদশা মন্ডল ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
জিডির আবেদনে বাদশা মন্ডল আরও বলেন, গত ৭ সেপ্টেম্বর বিবাদীরা জামিনে মুক্তি পান। পরদিন ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে তাঁরা তাঁর বসতবাড়ির সামনে এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে আদালতে চলমান মামলাগুলো তুলে নেওয়ার জন্য চাপ দেন। মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, হত্যাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া কপূর বাজারে তাঁর কাপড়ের ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জিডির আবেদনে উল্লেখ করেন বাদশা মন্ডল।
তিনি অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর আদালতে জমিজমা সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক ঘর নির্মাণ করে বিরোধপূর্ণ জায়গা দখলের চেষ্টা করছেন। তাঁর দাবি, মামলা চলমান থাকা অবস্থায় ঘর নির্মাণ ও জায়গা দখলের চেষ্টা বন্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাদশা মন্ডল বলেন, বিবাদীদের এসব কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। জোরপূর্বক ঘর নির্মাণ ও বিরোধপূর্ণ জায়গা দখলের চেষ্টা বন্ধ, হুমকির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রতিকার দাবি করেছেন তিনি।
