প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই প্রত্যাহার
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।
জানা গেছে, সোমবার দুপুরে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রায় দুই ঘণ্টার মধ্যেই তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে বলে স্থানীয়দের দাবি। এর আগে সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় তার অবাধ যাতায়াত নিয়ে স্থানীয়ভাবে আপত্তি ওঠার কথাও জানা গেছে।
সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত ভিডিও প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি গোপন রাখার জন্য স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখানো হয়েছিল।
অভিযোগের বিষয়ে এএসআই আনেস আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, আনেস আলীকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
