প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩৯

শেরপুরে আল-মদিনা ও মায়ের দোয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়া থেকেঃ
শেরপুরে আল-মদিনা ও মায়ের দোয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

 বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আল-মদিনা বেকারির মালিক বাবলু (৫৩) এবং মায়ের দোয়া বেকারির মালিক ইনছান আলী (৪৫)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেকারি দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা, মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা, কারখানার ভেতরে টয়লেট ব্যবহার এবং ভুয়া বিএসটিআইয়ের মোড়ক ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

পরে আইন ও বিধি অনুযায়ী কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

উপরে