শেরপুরে বিএসটিআইয়ের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীনভাবে পণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় বিএসটিআই লাইসেন্স না নেওয়ার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার, শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার এবং চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীনভাবে দই বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনের ধারায় পাঁচটি মামলা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের মধ্যে ত্রুটি ও অনিয়ম সংশোধনের পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই ও উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
