প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ২৩:০৫

বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক কমিটি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক কমিটি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখা। এ বছর জেলায় ৭২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, গুজব প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টায় শহরের সাতমাথা সনাতন মন্দিরে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস ও দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী। এ ছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তব্য দেন গোপাল তেওয়ারি, রামনারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার।
সভায় জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়, এ বছর বগুড়া জেলার ৭২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন এবং সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, গুজব প্রতিরোধে সতর্ক থাকা, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখা এবং নারী-পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উপরে