১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার ও দায়ীদের ফেরত চায় ইনকিলাব মঞ্চ
আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত এবং হত্যায় জড়িতদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহরের সাতমাথায় সংগঠনটির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের।
সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর একশ্রেণির সুবিধাবাদী মানুষের আবির্ভাব ঘটে। তারা বিপ্লবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবমূল্যায়ন করতে এবং অর্জনকে মুছে দিতে চায়। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান কাউকে নতুন করে ক্ষমতায় বসানোর জন্য হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের ১০ মাস পেরিয়ে গেলেও তাঁর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়নি। হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করার দায়িত্ব সরকারের।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, জুলাইয়ের অর্জনকে অস্বীকার করা হলে তার পরিণতি শুভ হবে না।
এর আগে শনিবার বেলা ১১টায় বগুড়ার মোকামতলা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। পরে দুপুর সাড়ে ১২টায় মহাস্থানবাজার, দুপুর আড়াইটায় মাটিডালি বিমান মোড় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহরের সাতমাথায় কর্মসূচি পালন করা হয়।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে রাত সাড়ে ৭টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে প্রতিবাদী গান পরিবেশন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর মধ্য দিয়ে সেদিনের কর্মসূচি শেষ হয়।
