প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:১১

শেরপুরে সুদের টাকা নিয়ে বিরোধ, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
শেরপুরে সুদের টাকা নিয়ে বিরোধ, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন কাওসার আলী (২৬) ও তাঁর বাবা তোজাম সরকার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে নাকুয়া গ্রামে তাঁদের বাড়ির আঙিনায় ছানোয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে যান সিরাজ। একপর্যায়ে তাঁকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

আহত ছানোয়ার হোসেনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপরে