প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:২৭

দখলমুক্ত করে শেরপুরে জলাধার পরিষ্কার অভিযানে ইউএনও হিমু

শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
দখলমুক্ত করে শেরপুরে জলাধার পরিষ্কার অভিযানে ইউএনও হিমু
বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন দীর্ঘদিন ধরে অবহেলিত ও দখলে থাকা জলাধারটি দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। জলাধারটিতে পানির প্রবাহ ফেরাতে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে শনিবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে শুরু হয়েছে এ পরিচ্ছন্নতা অভিযান।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং অভিযানের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ বন্ধ থাকায় জলাধারটি ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে বেহাল অবস্থায় পড়ে ছিল। ফলে আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। সমস্যা স্থায়ীভাবে সমাধানে জলাধারটি পরিষ্কারের পাশাপাশি পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে এর সংযোগ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন।

অভিযান চলাকালে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, "একসময় ফরেস্ট অফিসসংলগ্ন এই জলাধারটিতে পানির স্বাভাবিক প্রবাহ ছিল। কিন্তু কালের বিবর্তনে তা বন্ধ হয়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে জলাধার দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এবার উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে জলাধারটি পরিষ্কারের কাজ শুরু করা হলো।"

জলাধারটিকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইউএনও বলেন, "পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে জলাধারটির সংযোগ স্থাপন করা হবে, যা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে বড় ভূমিকা রাখবে। পরিচ্ছন্নতা শেষ হলে জলাধারের দুই পাশে গাছ ও ফুলের বাগান তৈরি করে স্থানটিকে একটি দৃষ্টিনন্দন লেকে রূপান্তর করা হবে।"

তিনি আরও জানান, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে প্রতি শনিবার নিয়মিত এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। নিজের চারপাশ ও বাড়ির আঙিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উপরে